১৯ নং জাতীয় সড়কে ” টোটো ” চলাচলে পুলিশের নিষেধাজ্ঞা, আসানসোলে চালকদের বিক্ষোভ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে বৃহস্পতিবার থেকে টোটো চলাচল বন্ধ করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এই নিয়ে আসানসোলে মাইকিং করা হয়েছে। এর প্রতিবাদে এদিন টোটো চালকরা আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের কাল্লা মোড়ে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, কাল্লা ও দোমোহানি থেকে তারা যাত্রী নিয়ে আসানসোলে যাতায়াত করেন। যদি কাল্লা মোড় পার না করতে পারি, তাহলে আসানসোলের দিকে যাবো কি করে? কিন্তু আমাদেরকে এই কাল্লা মোড় পার করতে দেওয়া হচ্ছে না। এর জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি।













আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় আসে। পুলিশকে ঘিরে টোটো চালকেরা বিক্ষোভ দেখান। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি আব্দুল গফফর। তিনি টোটো চালকদের সাথে কথা বলেন। তিনি বলেন, হাইকোর্টে স্পষ্ট নির্দেশ আছে যে জাতীয় সড়কের উপর টোটো চলবে না।

পাল্টা টোটো চালকরা তাকে বলেন, কাল্লা, দোমোহানির থেকে যাত্রী নিয়ে যে টোটো গুলি আসানসোলের দিকে আসছে তারা যদি কাল্লা মোড় পার না করে তাহলে আসানসোলে কিভাবে যাবো। তখন এসিপি বলেন, টোটো চালকদের এই আবেদনের ওপর বিচার করা হবে। টোটো চালকদের দাবি, আসানসোল উত্তর বিধানসভার বিধায়ককে ঘটনাস্থলে আসতে হবে ও তাকে আমাদের সমস্যার সমাধান করতে হবে। যদিও, শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে টোটো চালকেরা তাদের বিক্ষোভ তুলে নেন।

