বেহাল রাস্তায় নিত্য দুর্ভোগ, সংস্কারের দাবিতে দুর্গাপুরে পূর্ত দপ্তরে সিপিএমের বিক্ষোভ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* খানা-খন্দে ভরা রাস্তা। কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও আবার উঠে গিয়েছে রাস্তার পিচ। বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আটকে পড়ছে অ্যাম্বুলেন্স থেকে যাত্রীবাহী গাড়ি। ঘটছে নিত্য দুর্ঘটনাও। রাস্তার এমনই বেহাল দশার অভিযোগ তুলে দুর্গাপুরে বুধবার এবার পূর্ত সড়ক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল সিপিএম। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে দপ্তরের আধিকারিকদের কাছে স্মারকলিপিও জমা দেন বাম নেতৃত্ব।সিপিএমের অভিযোগ, দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।













বিশেষ করে ডঃ বি.সি. রায় এভিনিউয়ের ৭ নম্বর গেট থেকে সুকান্তপল্লী মোড় পর্যন্ত রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ। বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিনই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বেহাল রাস্তার জেরে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি সবকিছুকেই সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি এই রাস্তার কারণে বলতে গেলে প্রতিদিনই দুর্ঘটনাও ঘটছে বলে দাবি সিপিএমে নেতৃত্বের।

