কাজ হারিয়েও মেলেনি চাকরি, বহিরাগত নিয়োগের অভিযোগে দুর্গাপুরে কারখানার গেট বন্ধ, বিক্ষোভ,
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কাজ হারানোর পরে আবারও, চাকরিতে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। অথচ বহিরাগতদের কাজে নেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে শুক্রবার সকালে দুর্গাপুরের ইন্দো-আমেরিকা মোড় সংলগ্ন একটি বেসরকারি রড কারখানার সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। কারখানার গেটের সামনে সাইকেল ও মোটরবাইক রেখে গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।স্থানীয় খয়রাশোল গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল আমলে ইন্দো-আমেরিকা মোড় সংলগ্ন ওই কারখানার এক নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়।













এর ফলে প্রায় ১৩০ জন শ্রমিক কাজ হারান। অভিযোগ, ইউনিটটি ফের চালু হলে কাজ হারানো শ্রমিকদের ধাপে ধাপে পুনরায় কাজে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ।পরবর্তীতে বন্ধ ইউনিট ফের চালু হলেও অভিযোগ, পুরনো শ্রমিকদের কাজে না নিয়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। এই অভিযোগেই শুক্রবার সকালে কারখানার গেটের সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।
সাইকেল ও মোটরবাইক রেখে গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে বিক্ষোভ।আন্দোলনকারীদের দাবি, স্থানীয়দের বঞ্চিত করে কেন বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে, তার জবাব দিতে হবে কর্তৃপক্ষকে। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাঁদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের তরফে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের দাবি, নিয়োগে কোনও অনিয়ম হয়নি। আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়া সম্ভব ছিলো। কিন্তু তা করা হয়নি। জোর করে ২ ও ৩ নং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন স্থানীয় আন্দোলনকারীরা।

