RANIGANJ-JAMURIA

তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনা, জামুড়িয়ায় ডাম্পার ও মারুতির সংঘর্ষ, আহত ৩

বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* তারাপীঠ থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। ১০ চাকার ডাম্পার ও চার চাকা মারুতি গাড়ির সংঘর্ষ হলো। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির তিনজন। পাশাপাশি ধাক্কা ও সংঘর্ষের তীব্রতা এতোটাই ছিলো যে দুমড়ে মুচড়ে যায়  চারচাকা গাড়িটি।
শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ সিউড়ি ১৪ নম্বর জাতীয় সড়কের জামুড়িয়া থানার চাকদোলা মোড় সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি ও জামুড়িয়া ট্রাফিক গার্ড পুলিশ। গাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, তারাপীঠে পুজো দিয়ে রানিগঞ্জের দিকে ফিরছিলেন ওমিনি মারুতি গাড়ির যাত্রীরা। চাকদোলা মোড়ের কাছে জাতীয় সড়কে  ডাম্পারের সাথে ওমনি ভ্যানটির সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ডাম্পারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায় জামুড়িয়া থানার পুলিশ।


তবে এই দুর্ঘটনার পর ফের প্রশ্ন উঠছে জাতীয় সড়কে ভারী গাড়ির চলাচল নিয়ে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি এবং ওভারলোডিংয়ের কারণে প্রায়ই আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয় তাঁদের। পুলিশ প্রশাসনকে একাধিকবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের।
পথচারী শৈলেন বাউরি বলেন , বড় বড় ডাম্পারগুলি নিয়ন্ত্রণহীন ভাবে দুরন্ত গতিতে চলে। রাস্তা পারাপারের সময় সবসময়ই আতঙ্কে থাকতে হয়। একটা ভয় থাকে যে, কখন গাড়ি ধাক্কা মারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *