দুর্গাপুরে সেচ দফতরের অফিস থেকে রাজস্ব আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য, তদন্তে পুলিশ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়:* অফিসের মধ্যে থেকে সেচ দফতরের এক রাজস্ব আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। মৃত আধিকারিকের নাম অলোক দাস(৫০)। তিনি দুর্গাপুর ডিভিশনের সেচ দফতরে রাজস্ব আধিকারিক পদে কর্মরত ছিলেন। শুক্রবার তাঁর অফিসের ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে কোকওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অফিসের ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে।













সেখান থেকেই অলোক দাসের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। অলোক দাসের বাড়ি নদিয়ার কল্যাণীতে বলে জানা গেছে। কর্মসূত্রে তিনি দুর্গাপুরে থাকতেন। কি কারণে সরকারি আধিকারিকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কোকওভেন থানার পুলিশ বলে জানা গেছে৷

