ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

দশমীর রাতে সালানপুরে উত্তেজনা প্রাক্তন প্রধানের বাড়িতে হামলা চালালোর অভিযোগ

*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়,* আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরের পিঠাকিয়ারিতে বুধবার বিজয়া দশমীর রাতে হঠাৎ করেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা প্রাক্তন প্রধান অসীম কুমার ঘোষের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।অভিযোগ, বুধবার রাতে হামলাকারীরা বাড়ির দরজা-জানালার কাঁচ ভাঙচুর করেছে। বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা এবং চারচাকা গাড়ির কাঁচও ভাঙচুর হয়েছে। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করেই এই উত্তেজনা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় দুই যুবক সৌরভ ঘোষ ও উজ্জ্বল কুমার ঘোষের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ অসীম বাবুর ছেলে অর্ণব ঘোষের। তিনি আরো দাবি করেন বাবার উপর হামলা চালানো হয়েছে।তবে সৌরভ ঘোষ হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “দুর্গা প্রতিমা বিসর্জনের পর অসীম ঘোষ ছাদে উঠে পাড়ার লোকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন।

এর আগেও তিনি এমন করেছেন এবং তাঁকে বারণ করা হয়েছে। কিন্তু তিনি শোনেন না। গাড়ি বা বাড়ি ভাঙচুর করা হয়নি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের ছেলেদের মারধর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায়। বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *