পশ্চিম বর্ধমানে নয় কেন্দ্রে জিতবে দল, চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি, তৃণমূলের জেলা সহসভাপতির
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে জিতবে তৃণমূল কংগ্রেস। আর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। প্রয়াত নকশাল নেতা মহাদেব মুখোপাধ্যায়ের ছেলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় রবিবার দুপুরে আসানসোলের এসবি গড়াই রোডের শ্রীপল্লীর শ্রীসংঘ ক্লাব সংলগ্ন নিজের বাসভবনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন এই কথা জানান।














আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রসঙ্গে নিজের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন , জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আমি আমার দলীয় স্তরের টিমের মাধ্যমে একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষা থেকে যা উঠে এসেছে তা হলো, এবারও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করতে চলেছেন ও তিনি চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এর পাশাপাশি, পশ্চিম বর্ধমান জেলার নয়টি আসনেই তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। তবে, মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, এটা আমার টিমের করা একটি সমীক্ষা।
ফলাফল ভিন্নও হতে পারে। কিন্তু এদিনের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আমার টিমের করা সমীক্ষার ফলাফল সাধারণ মানুষকে জানালাম। তিনি বলেন, যখনই নির্বাচন হয়, তখনই ভোটাররা একটি বিষয় মাথায় রেখে ভোট দেন। সেটা হলো কোন দল এবং কোন নেতা সুখে ও দুঃখে সর্বদা তাঁদের পাশে থাকেন ও থাকবেন। এতে কোনো সন্দেহ নেই যে বাংলায় যদি কোন দল ও তার নেতারা সর্বদা বাংলার মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকেন, তবে তা হলো তৃণমূল কংগ্রেস ।
তাই তিনি পুরোপুরি আত্মবিশ্বাসী যে এবারও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হবে।তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি বলেন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে শুক্রবার লোকসভায় যা হলো, তা হওয়ারই ছিলো। বিরোধীরা একজোট হওয়ার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার মুখ থুবড়ে পড়েছে। তার দাবি, একমাত্র ডাবল ইঞ্জিন থাকা সরকারে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলা সহ অন্য রাজ্যে মহিলারা অনেক বেশি সুরক্ষিত।

