আসানসোলে বেপরোয়া পুলিশ গাড়ির ধাক্কায় এক শিশু সহ আহত ৭, চাললকে মারধরের অভিযোগ, ইঁট বৃষ্টি, এলাকায় উত্তেজনা
বেঙ্গল মিরর,আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের সভার পরে রবিবার রাতে আসানসোল উত্তর থানার রেলপার এলাকায় একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, রাত সাড়ে দশটা নাগাদ রেলপারের ওকে রোডে পুলিশ লেখা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। অভিযোগে সিআইএসএফ জওয়ানের চালানো ‘পুলিশ’ লেখা গাড়িটি দোকান, অটোরিকশা ও অন্যান্য যানবাহন ও ওকে রোডের কবরস্থানের দেওয়ালে ধাক্কা মারে। ঘটনায় এক ৭ বছরের শিশু সহ সাতজন আহত হন। আরো ৫ জন প্রাণ বাঁচিয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। আহতদের মধ্যে পুলিশ গাড়ির চালকও রয়েছেন।














ঘটনার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা ঘটনার পরে পুলিশ গাড়িতে ইঁট বৃষ্টি করেন। করা হয় ভাঙচুরও। তাতে গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়। গাড়ি চালককে ধরে এলাকার বাসিন্দারা মারধর করেন। ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। তারা বিক্ষোভ দেখানো শুরু করেন। আহতদের মধ্যে গাড়ির চালক ও এলাকার এক বাসিন্দা আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত এক শিশু সহ তিনজন আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। রাত বারোটা নাগাদ ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক।
প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ লেখা গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওকে রোডের কবরস্থানের দেওয়ালে ধাক্কা মারে। তাতে দেওয়ালের একাংশ ভেঙে যায়। এরপর গাড়িটি বেশ কয়েকটি দোকান, অটোরিক্সা ও অন্যান্য যানবাহনকে ধাক্কা মারে। এই ঘটনায় ৭ বছর বয়সী এক শিশুকন্যা সহ সাতজন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এরপরে এই ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা গাড়িটিতে ভাঙচুর চালান। তারা রাস্তায় বিক্ষোভ দেখানো শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। ঘন্টা কয়েকের চেষ্টায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে এলাকার বাসিন্দাদের সরিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকও ঘটনাস্থলে পৌঁছে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরে তিনি বলেন, পুলিশ লেখা ঐ গাড়িটি এই রাস্তায় ঢুকে পড়ে। বেশ কয়েকজন ও গাড়িকে ধাক্কা মারে। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এটি গাফিলতির ঘটনা নাকি, কোন ষড়যন্ত্র, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।তবে, পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির চালক আসানসোলের কল্যানপুরের রাজ্য পুলিশের সেভেন্থ ব্যাটেলিয়ান বা সপ্তম বাহিনীর চালক। গাড়িটি কোথায় যাচ্ছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

