আসানসোলে আসছেন অধীর চৌধুরী রাহুল গান্ধীর নির্দেশে দেবদীপ চট্টোপাধ্যায়ের বাড়িতে ঝাড়খণ্ডের স্বাস্থ্য মন্ত্রী
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি রবিবার সন্ধ্যায় রাহুল গান্ধীর নির্দেশে আসানসোলে সেনরেল রোডে নব অনন্যা কমপ্লেক্সে খুন হওয়া কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসেন। তার সঙ্গে ছিলেন আসানসোল উত্তর বিধানসভার কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি, আসানসোল পুরনিগমের কাউন্সিলর এস এম মুস্তাফা, শাহ আলম খান সহ কংগ্রেসের নেতারা। ঝাড়খণ্ডের স্বাস্থ্য মন্ত্রী দেবদীপ চট্টোপাধ্যায় স্ত্রী পিয়ালি চট্টোপাধ্যায়, ছেলে ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন। তিনি গোটা পরিবারকে এই ঘটনার জন্য সমবেদনা জানান ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।














পরে স্বাস্থ্য মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই ঘটনা কি হয়েছে তা সবাই জানেন ও দেখেছেন। এর থেকে প্রমাণিত হয় যে, বাংলা আইনশৃঙ্খলা কোন অবস্থায় রয়েছে। আমি হাইকমান্ডের নির্দেশে এখানে এসেছি। খুন হওয়া দলের কর্মীর স্ত্রী, ছেলে ও তার বাবার সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি, তাদের সঙ্গে আমরা আছি। সবকিছু নিয়ে, একটা রিপোর্ট দিল্লিতে পাঠাবো। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্য মন্ত্রীর পাশে ছিলেন দেবদীপ চট্টোপাধ্যায়ের স্ত্রী ও ছেলে। বছর সাতেকের দেবদীপ চট্টোপাধ্যায়ের ছেলে সাংবাদিকদের বলেন, আমি বাবার খুনীদের ফাঁসি চাই।
বাবাকে সেদিন রাতে যখন মারা হচ্ছিলো, তখন আমি ও মা তাদের পায়ে ধরেছিলাম। তবু তারা মেরেছে। অন্যদিকে, সোমবার আসানসোলে আসছেন কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি অধীর চৌধুরী। বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি নব অনন্যা কমপ্লেক্সে দেবদীপ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাবেন ও পরিবারের সদস্যদের সাথে কথা হবে বলে কংগ্রেসের তরফে রবিবার রাতে জানানো হয়েছে।

