অন্ডালে চাঞ্চল্য পুকুর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের মুছবাঁধ পুকুর থেকে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো। মৃত যুবকের নাম রবি ঘোষ (৩৫) । রবিবার দুপুর থেকে ঐ যুবক নিখোঁজ ছিলেন। সোমবার ভোরবেলা তার মৃতদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। স্বাভাবিক ভাবেই সাতসকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্ডাল গ্রামের ঘোষ পাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবি ঘোষ নামে ঐ যুবকের বাড়ি বিধাননগর এলাকায়। তিনি অন্ডাল গ্রামের ঘোষ পাড়ায় তার শ্বশুরবাড়িতে এসেছিলেন।














স্থানীয় সূত্রে খবর, রবি ঘোষ প্রায় দিনই মদ্যপ অবস্থায় থাকতেন। রবিবার দুপুরেও তিনি মদ্যপ অবস্থায় পুকুরে স্নান করতে নামেন ও গভীর জলে তলিয়ে যান। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও রবিবার তার কোন হদিস পাওয়া যায়নি। সোমবার ভোর ৫টা নাগাদ স্থানীয় কিছু মানুষ পুকুরের ধারে আসেন। তখন তারা জলের মধ্যে মৃতদেহটি ভাসতে দেখেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুকুর পাড়ে স্থানীয়দের ভিড় উপচে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে । মদ্যপ অবস্থায় জলে নামার কারণেই এই দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।রবি ঘোষের মৃত্যুতে এলাকায় এবং তার শ্বশুরবাড়িতে শোকের ছায়া নেমে আসে। শ্বশুরবাড়ির লোকেরা বুঝে উঠতে পারছেন না যে, কি করে এই ঘটনা ঘটলো।

