ASANSOL

ভোট গণনার আগে সতর্ক পুলিশ প্রশাসন হিরাপুর থানায় সর্বদলীয় বৈঠক, মাইকিং ও নজরদারিতে জোর

*বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার নয়টি আসন সহ রাজ্যের ২৯৩ টি আসনের ভোট গণনা সোমবার হবে। পশ্চিম বর্ধমান জেলায় নয়টি বিধানসভার জন্য দুটি স্ট্রংরুম করা হয়েছে। সেখানে সোমবার পশ্চিম বর্ধমান জেলার নয়টি আসনের ভোট গণনা হবে। সমস্ত রাজনৈতিক দল এবং কর্মীদের মধ্যে এই ভোট গণনাকে কেন্দ্র করে উৎসাহ রয়েছে। এই ভোট গণনাকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানায় সর্বদলীয় বৈঠক হয় রবিবার। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (হিরাপুর) মিহির কুমার দের উপস্থিতিতে এই সর্বদলীয় বৈঠক হয়। তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস সহ সমস্ত প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে ।

পুলিশ প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৈঠকে পুলিশ অফিসাররা সমস্ত দলের প্রতিনিধিদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ভোট গণনার সময় বা পরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।তারা বলেন, পুলিশ প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোন পরিস্থিতি কঠোর হাতে মোকাবেলা করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকল দলকে তাদের কর্মীদের নির্দেশ দিতেও অনুরোধ করা হয়েছে।বৈঠক প্রসঙ্গে আসানসোল দক্ষিণ বিধানসভা ( টাউন) ব্লক সভাপতি পূর্ণেন্দু চৌধুরী ওরফে টিপু বলেন, বৈঠকে সকল দলের উপস্থিতিতে প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিষেক বন্দোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে কোন বিরোধী দল অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তার বিরোধিতা করা হবে। সকল দল তাদের মতামত প্রকাশ করেছে এই বৈঠকে। তিনি আশা করেন যে ভোট গণনার সময় এবং তার পরেও শান্তি বজায় থাকবে।বিজেপির তরফে আসানসোল সাংগঠনিক জেলা কমিটির সদস্য জয়দীপ দে বলেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর অনেক হিংসা হয়েছিল। তাতে দলের অনেক কর্মী আহত হয়েছিলেন এবং কেউ কেউ প্রাণও হারিয়েছিলেন।

তিনি আশা প্রকাশ করেছেন, এই নির্বাচনের মতোই ভোট গণনার পরেও পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। শান্তি বজায় রাখার উপর জোর দিয়েছে পুলিশ প্রশাসন। সব রাজনৈতিক দল সর্বসম্মতভাবে জানিয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে যে ফলাফলই আসুক না কেন, তা শান্তিপূর্ণভাবে মেনে নিতে হবে।অন্যদিকে, ভোট গণনার জন্য শুধু হিরাপুর থানার পুলিশ নয়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের থানা সতর্কতা অবলম্বন করেছে। রবিবার থেকেই এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে। রাস্তায় রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারিও।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *