পশ্চিম বর্ধমানে মাধ্যমিকে সেরা আসানসোল রামকৃষ্ণ মিশন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে শুক্রবার। এবারের পরীক্ষার ফলাফলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রামকৃষ্ণ মিশন সেরা হয়েছে। রাজ্যের সেরা দশের মেধাতালিকায় দশম স্থান পেয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশনের অভিষেক দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। রাজ্যের সেরা দশের মেধাতালিকার পাশাপাশি জেলা ভিত্তিক সেরা দশের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় সেরা দশের মেধাতালিকায় ১৪ জন পড়ুয়া রয়েছে। তার মধ্যে ১০ জন আসানসোল রামকৃষ্ণ মিশনের। বাকি ৪ জনের মধ্যে ২ জন বার্নপুর সুভাষ পল্লী বিদ্যানিকেতন ও ১ জন করে পড়ুয়া আছে মদনপুর মহেশ বিদ্যামন্দির ও দুর্গাপুরে সগরভাঙ্গা হাইস্কুলের।














জেলার সেরা দশের মেধাতালিকায় সবার শেষে রয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশনের সাহেব পাল। তার প্রাপ্ত নম্বর ৬৭৭। আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে এই বছর ৯৩ জন পরীক্ষা দিয়েছিলো। সবাই পাশ করেছে।এছাড়া, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এবার অত্যন্ত ভালো ফলাফল করেছে। বেশ কয়েকটি স্কুল ১০০ শতাংশ পাশের হার অর্জন করেছে।বার্নপুর সুভাষ পল্লী বিদ্যানিকেতন থেকে পরীক্ষা দেওয়া ১৩২ জনই পাশ করেছে। তার মধ্যে সৌম্যজিৎ সিনহা ও তৃণাঞ্জন শীল ৬৮৩ ও ৬৮১ নম্বর পেয়ে জেলায় সেরা দশের মেধাতালিকায় স্থান পেয়েছে। আসানসোল কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৩ জনের সবাই কৃতকার্য হয়েছে। সুরঞ্জনা সাঁধুখান ৬৭৫ নম্বর পেয়ে স্কুলের প্রথম স্থান অধিকার করেছে।
আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান স্কুল থেকে এবার ২০৫ জন পরীক্ষা দিয়েছিলো। তারা সবাই পাশ করেছে। ৬৬৭ নম্বর পেয়ে স্কুলের সেরা হয়েছে দেবাঙ্গনা সাহানা। আসানসোল ইস্টার্ন রেলওয়ে উচ্চ মাধ্যমিক স্কুলও ১০০ শতাংশ পাশের হার অর্জন করেছে। এই স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৪ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। স্কুলের সেরা দেবজিৎ নায়েক পেয়েছ ৬৩৯ নম্বর। আসানসোল চেলিডাঙ্গা হাইস্কুলের ১২৫ পড়ুয়া পাশ করেছে। এই স্কুলের সেরা পড়ুয়া সৌম্যজৎ চট্টোপাধ্যায় ৬৩৬ নম্বর পেয়েছে।আসানসোলের আর্য কন্যা হাই স্কুল থেকে মোট ১১১ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ১১০ জন ছাত্রী পাস করেছে, আর মাত্র একজন ছাত্রী অকৃতকার্য হয়েছে। পাশের হার ৯৯.০৯ শতাংশ।আসানসোলের দয়ানন্দ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) থেকে পরীক্ষা দেওয়া ১৩০ জনের মধ্যে ১২৪ জন পাস করেছে। এই স্কুলের সেরা রিতেশ কুমার সাহু পেয়েছে ৫৯০ নম্বর।

