দুর্গাপুরে চাঞ্চল্য সাইকেল স্ট্যান্ডে মদ্যপ যুবকের ছুরি হাতে তাণ্ডব, আতঙ্কে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড সংলগ্ন সাইকেল স্ট্যান্ডে এক মদ্যপ যুবকের ছুরি হাতে তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়।জানা গেছে, দুর্গাপুরের সিটি সেন্টারের বাসস্ট্যান্ডের সাইকেল স্ট্যান্ডটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করেন। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ঝন্টু ধারা নামে এক যুবক ঐ সাইকেল স্ট্যান্ড দখলের উদ্দেশ্যে সেখানে কর্মরত মহিলাদের হুমকি দিয়ে আসছিল।এদিন দুপুরে অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় সাইকেল স্ট্যান্ডে এসে ধারালো ছুরি হাতে মহিলাদের ভয় দেখাতে শুরু করে। অভিযোগ, এক পর্যায়ে সে সাইকেল স্ট্যান্ডের কর্মী এক মহিলার গলায় ছুরি ঠেকিয়ে পার্কিং ছেড়ে দেওয়ার হুমকি দেন।














আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত অন্যান্য মহিলারাও।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা দুর্গাপুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত ঝন্টু ধারাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।এই প্রসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর তরফে দেবযানী মিশ্র বলেন, আমরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কাছ থেকে টেন্ডারের মাধ্যমে এই সাইকেল স্ট্যান্ডের দায়িত্ব পেয়েছি।

কিন্তু বেশ কিছুদিন ধরে ঝন্টু ধারা নামে এক যুবক সেই স্ট্যান্ড ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমি বলেছি, আড্ডা বললে ও আমি আমার টাকা পেলে গেলে এটা ছেড়ে দেবো। তিনি আরো বলেন, এদিন আমি ছিলাম না, তখন ঐ যুবক এসে মদ্যপ অবস্থায় ছুরি হাতে তান্ডব চালায় ও হুমকি দেয়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ জানায়, অভিযোগ দায়ের হলে ঐ যুবককে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

