ASANSOL

বিজেপি সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত ” আয়ুষ্মান ভারত ” প্রকল্প বাস্তবায়নের ঘোষণায় আসানসোলে মিশ্র প্রতিক্রিয়া

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সোমবার সকালে প্রথম মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, পশ্চিমবঙ্গে ” আয়ুষ্মান ভারত “প্রকল্প চালু করা হবে। তিনি আরো বলেন, রাজ্য সরকারের কোনো চালু প্রকল্প বন্ধ করা হবে না। বরং বিভিন্ন সরকারি প্রকল্পের পোর্টালগুলি আপডেট করা হবে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।গোটা বিষয়টি নিয়ে এদিন আসানসোলের একাধিক মানুষের সঙ্গে কথা বলা হয়। তার মধ্যে অনেকেই আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তার মধ্যে শিখা দত্ত, প্রদীপ চৌধুরী ও ছোটন দত্তরা বলেন, এই প্রকল্প দরিদ্র ও মধ্যবিত্তদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে এবং চিকিৎসার আর্থিক বোঝা কমাবে। কেউ কেউ বলেছেন, সরকারের প্রথমে এটি নিশ্চিত করা উচিত যে এই প্রকল্পগুলির সুবিধাগুলি কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়।শহরের কিছু বাসিন্দা আশা প্রকাশ করেছেন যে নতুন সরকার রাজ্যের স্বাস্থ্য, কর্মসংস্থান এবং পরিকাঠামোর উন্নতির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। বাকিরাও আগের সব সরকারি প্রকল্পগুলি চালু রাখার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে শহরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে আলোচনার আবহ তৈরি হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *