ইসিএলের কয়লাখনিতে দুর্ঘটনা, মৃত ১, জখম বেশ কয়েকজন
বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* ইসিএলের কয়লা খনিতে ভয়াবহ দূর্ঘটনা ঘটলো। বৃহস্পতিবার সকালে প্রথম শিফটের কাজ চলার সময় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া থানার ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কয়লাখনিতে। ঘটনার সময় কয়লাখনির ভেতরে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। সেই ৪০ শ্রমিক কমবেশি আহত হয়েছেন বলে খবর। তার মধ্যে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ১০ জনের মতো। যদিও এখনো এ বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোন তথ্য দেননি। জানা গেছে, এদিন সকালে কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট বা প্রথম শিফটে খনি কর্মীরা ২৭ নম্বর সেকশনে কয়লা কাটার জন্য কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করে কয়লা খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়। এর ফলে মুহূর্তের মধ্যে বাতাসের ঝড় বইতে শুরু করে। তাতে চারিদিকে ছিটকে পড়েন কয়লা খনির ভেতরে থাকা শ্রমিকেরা।














মুহূর্তে ঘটা এই ঘটনায় কয়লা খনি শ্রমিকেরা চমকে উঠেন। চারিদিকে প্রবল বেগে হাওয়া চলতে থাকে। এই ঘটনা ঘটার পরপরই কয়লা খনির উপরে থাকা খনি আধিকারিকেরা আহত সকল শ্রমিকদের উদ্ধারের জন্য তৎপর হয়। এই ঘটনার পরে গুরুতর আহত শ্রমিকদের উদ্ধার করা হয়। তাদেরকপ উদ্ধার করে রানিগঞ্জের বাঁশরা এরিয়া হাসপাতাল ও ইসিএলের অন্য হাসপাতাল গুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কি কারনে এই ঘটনা কেনই বা এই ঘটনা ঘটলো, কার দোষেই বা এই ঘটনা ঘটেছে সে সকল বিষয় নিয়ে কয়লা খনির শ্রমিক সংগঠন বিক্ষোভ দেখানো শুরু করে। শ্রমিক সংগঠনের দাবি, খনি কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।খবর পেয়ে কোলিয়ারিতে জামুড়িয়া থানার পুলিশ, সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন।

