বিজেপির বিজয় মিছিল ঘিরে বিবাদ, হামলায় আহত মন্ডল সভাপতি সহ অন্যরা
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসেছে বিজেপি । ক্ষমতায় বসতেই শুরু হয়েছে আদি ও নব্য বিজেপি বিবাদ । রাজ্যজুড়ে এই বিবাদ ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে । শুক্রবার এ রকমই ছবি দেখা গেল অন্ডালের শকরা এলাকাতে । এদিন বেলা বারোটা নাগত বিজেপির পতাকা নিয়ে শকরা এলাকায় একটি বিজয় মিছিল বের হয় । জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে সেই মিছিল যখন এগোচ্ছিল সমনে । সে সময় বিজেপির মন্ডল সভাপতি রাখালচন্দ্র দাস ও যুবনেতা প্রিয়াংশু রায় সহ কয়েকজন সেখানে উপস্থিত হন । কার অনুমতিতে কে এই বিজয় মিছিল বের করেছে বলে মিছিলে থাকা লোকজনের কাছে জানতে চান তারা । যা নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা ।














পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে । সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন । মন্ডল সভাপতি রাখালচন্দ্র দাস অভিযোগ করেন মিছিলের লোকজন তাদের উপর হামলা চালায় । তিনি ছাড়াও প্রিয়াংশু রায়, অশোক বাধ্যকর হামলায় আহত হন বলে দাবি করেন রাখালবাবু । কেন্দ্রীয় বাহিনী সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ । পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় ।
রাখাল বাবু বলেন যারা মিছিল বের করেছিল তারা বিজেপির কেউ নয় । ভোটের ফলাফল ঘোষণার পর রাতারাতি অনেকেই নিজেদের বিজেপি বলে দাবি করছে । এদিন যারা হামলা চালায় ফল ঘোষণার আগে পর্যন্ত তারা তৃণমূল করত । ফল প্রকাশের পর রাতারাতি তৃণমূলের কার্যালয়টিতে গেরুয়া রং করে তারা এখন নিজেদের বিজেপি বলে দাবি করছে । বিষয়টি দলের উচ্চতর নেতৃত্বের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান রাখাল বাবু ।

