পশ্চিম বর্ধমানের নয় বিধানসভার উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক ডাবল ইঞ্জিন সরকারের বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ, নগরোন্নয়ন ও পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল শনিবার আসানসোলে ডিএম অফিসে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবালামের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক এবং বিভিন্ন প্রশাসনিক দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।জেলার নয়টি বিধানসভার সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং জনস্বার্থমূলক পরিষেবার কাজ কিভাবে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এদিন প্রথম জেলায় প্রশাসনিক বৈঠক করা হয়েছে।














জেলার সমস্ত দফতরের আধিকারিকদের সঙ্গে নয়জন বিধায়কের পরিচয় ও যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। যাতে ভবিষ্যতে নিজেদের বিধানসভা এলাকায় জল, রাস্তা, স্ট্রিট লাইট সহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করা যায়।মন্ত্রী আরো বলেন, নির্বাচনের আগেই বিজেপি বলেছিল বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার গঠন হলে উন্নয়নের গতি বাড়বে। এখন সমগ্র বাংলার পাশাপাশি পশ্চিম বর্ধমানেও দ্রুত উন্নয়নের কাজ হবে। এদিনের বৈঠক সেই কাজকে ত্বরান্বিত করার প্রথম পদক্ষেপ।
তিনি আরো জানান, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সরাসরি সমন্বয় বাড়িয়ে মানুষের সমস্যার দ্রুত সমাধান করাই সরকারের মূল লক্ষ্য।বৈঠকের পরে ডিএম বলেন, এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে জেলার নয় বিধানসভার কেন্দ্রের বিধায়কদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে এডিএম, এসডিও, বিডিও সহ অন্য আধিকারিকরা ছিলেন।
বৈঠকে জেলায় পানীয়জল, রাস্তাঘাট সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিধায়করা তাদের কথা বলেছেন। আগামী ১৮ মে থেকে ২৫ মে ” জন ভাগিদারী প্রচার অভিযান আয়োজন করা হবে। এদিনের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় এবং এই প্রচার অভিযানের সঙ্গে কিভাবে যত বেশি সম্ভব মানুষকে যুক্ত করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়েছে

