ASANSOL

আসানসোলের চেকপোস্টে পথ দুর্ঘটনা ডিউটিরত সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা পিকআপ ভ্যানের, হাসপাতালে মৃত্যু

*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট এলাকায় রবিবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হওয়া সিভিক ভলেন্টিয়ারের নাম রমেন সাহা (৩৫)। চেকপোস্টে লাগানো সিসি ক্যামেরায় সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারার ফুটেজ ধরা পড়েছে। জানা গেছে, অন্যদিনের মতো রবিবার রাতে অন্য পুলিশ কর্মীদের সঙ্গে ডুবুরডিহি চেকপোস্টে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাচ্ছিলেন রমেন সাহা। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় মানুষ ও পুলিশকর্মীরা গুরুতর আহত অবস্থায় রমেন সাহাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ঐ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।আরো জানা গেছে, মৃত সিভিক ভলেন্টিয়ার পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। বাড়িতে তার মা ও স্ত্রী আছেন। স্বাভাবিক ভাবেই তারা এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেনপুলিশ ঘাতক পিকআপ ভ্যানটির খোঁজে তদন্ত শুরু করেছে। চেকপোস্ট ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *