ASANSOL

মুখ্যমন্ত্রী আসার একদিন আগে প্রশাসনে বদল দুর্গাপুর পুরসভার প্রশাসকের দায়িত্বে পশ্চিম বর্ধমানের জেলাশাসক সামলাবেন আড্ডাও

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার ঠিক একদিন আগে দুর্গাপুর পুরসভার প্রশাসক বা এ্যাডমিনিস্ট্রেটার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাম্বালাম। বুধবার তিনি পুরসভায় এসে কমিশনারের সঙ্গে বৈঠক করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব বুঝে নেন। এদিন তাঁকে সংবর্ধনা জানান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। দায়িত্ব গ্রহণের পর এস পোন্নাম্বালাম বলেন, পুরসভার অধীনে যে সমস্ত ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ অসম্পূর্ণ অব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সেগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে। নাগরিক পরিষেবা আরও উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এছাড়াও চলতি সপ্তাহে শনিবার দুর্গাপুরের দুই বিধায়কের সঙ্গে পুরসভার বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনায় বসবেন বলেও জানান নবনিযুক্ত প্রশাসক।এর পাশাপাশি আপাততঃ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম। আড্ডার আগের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ায় পদত্যাগ করেন।

তারপর থেকে আড্ডার কাজ দেখভাল করছিলেন জেলাশাসক। জানা গেছে, রাজ্য সরকারের আড্ডার নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা না করা পর্যন্ত জেলাশাসক আড্ডার কাজ দেখভাল করবেন। প্রসঙ্গতঃ, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর দুর্গাপুর পুরসভার নির্বাচিত পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু আগের তৃনমুল কংগ্রেসের সরকার দুর্গাপুর পুরসভার ভোট না করিয়ে প্রশাসক মন্ডলী দিয়ে কাজ চালাচ্ছিলো। প্রথম প্রশাসক মন্ডলী পাঁচ সদস্যের ছিলো। কিন্তু, মাস কয়েক আগে, সদস্য সংখ্যা ৫ থেকে কমিয়ে ২ করা হয়। কিন্তু রাজ্যে সরকার বদল হওয়ার পরে, সেই ২ জন পুরসভায় আসা বন্ধ করে দেন। এরফলে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছিলো বলে অভিযোগ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *