বৃহস্পতিবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর পাঁচ জেলা নিয়ে প্রথম প্রশাসনিক বৈঠক তুঙ্গে প্রস্তুতি
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার পশ্চিম বর্ধমানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পনগরী দুর্গাপুরে হতে চলেছে মুখ্যমন্ত্রীর প্রথম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। শহরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন মুখ্য সচিব, ডিজি সহ রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা।প্রশাসন জানা গেছে, এই বৈঠকে পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। এছাড়াও থাকেন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সাংসদ, বিধায়ক, থানার ওসি ও আইসিরা থাকবেন।














দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা হলো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম। এই পাঁচ জেলার উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন, শিল্প প্রসার ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।সভাকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিআইপি নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
ইতিমধ্যেই সৃজনী প্রেক্ষাগৃহ চত্বর ও সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।শিল্পাঞ্চল দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনের প্রশাসনিক রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।বিধায়ক চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুরে আসনে। দুপুর দুটো থেকে সৃজনী অডিটোরিয়ামে পাঁচ জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

