সরকারি সামগ্রী কেলেঙ্কারি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ, গ্রেফতার আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে আসানসোলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে ধৃত কাউন্সিলারকে আসানসোল দক্ষিণ থানা থেকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। থানা থেকে ধৃতকে যখন পুলিশের গাড়িতে তোলা হচ্ছিলো, সেই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কেন তাকে পুলিশ গ্রেফতার করেছে? কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে? তরুণ চক্রবর্তী কোন প্রশ্নেরই উত্তর দেননি। ধৃতকে হেফাজতে নিয়ে অভিযোগের তদন্তের জন্য তাকে হেফাজতে নেওয়া পুলিশের তরফে আবেদন আদালত করা হয়েছে বলে জানা গেছে।













পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের অধীনে বিতরণ করা ত্রাণ সামগ্রী ত্রিপল কেলেঙ্কারির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। সরকারি তহবিলের সামগ্রী বিতরণ ও ব্যবহারে অনিয়মের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সোমবার পুলিশ তাকে প্রথমে তাকে আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়েছে । আসানসোলের ডামরার বাসিন্দা তরুণ চক্রবর্তীর বাড়ি থেকে বেশকিছু ত্রিপল উদ্ধার করা হয়েছে। যা দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছিল।
এছাড়াও তার বিরুদ্ধে কয়লা, বালি এবং জমি লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এইসব অভিযোগ তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিজেপি তরফে তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে থাকা সব অভিযোগের তদন্তের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে এই গ্রেফতারি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তরুণ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। তার তদন্ত চলছে। প্রয়োজনীয় নথি ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে।


