পানীয়জলের সমস্যা আসানসোলে পিএইচইর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বারাবনির বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বারাবানির বিধায়ক অরিজিৎ রায় মঙ্গলবার আসানসোলে পিএইচই বা রাজ্য জনস্বাস্থ্য কারিগরি অফিসে আসেন। তিনি পিএইচইর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন ও নানা বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি তিনি অফিসে সমস্ত ঠিকাদারদের সমস্যা নিয়েও তাদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকের পর অরিজিৎ রায় বলেন, বারাবনির একটা বিশাল এলাকা দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছে। ডাবল- ইঞ্জিন সরকার শীঘ্রই এই সমস্যার সমাধান করবে। আগের তৃনমুল কংগ্রেসের রাজঢ় সরকার বারাবনি এলাকার জল সংকট সমাধানে কিছুই করেনি। তারা বড় বড় প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে সেখানকার মানুষকে শুধু বোকা বানিয়েছে। কিন্তু সেগুলি বাস্তবায়নের দিকে কোনো মনোযোগ দেয়নি।













যার ফলে বারাবনি অঞ্চলের জল সংকট অমীমাংসিত রয়ে গেছে। জল সংকট কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করতে ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটি বৈঠক করেছি। বৈঠকে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএলের খনি থেকে জল কিভাবে ব্যবহার করা যায় তা নিয়েও আলোচনা করা হয়। ২০২২ সাল থেকে জল সরবরাহ সত্ত্বেও পিএইচইর ঠিকাদাররা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, এটি আশ্চর্যজনক নয়, কারণ আগের সরকার কার্যত দেউলিয়া ছিল। ঠিকাদারদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সমস্যা সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করা হবে বলে বিজেপি বিধায়ক আশ্বাস দেন।


