ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে বিজেপি কর্মীর পরিবারের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূলের,

*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের কুলটি বিধানসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ধেমোমেন কোলিয়ারি এলাকার ৬ নম্বর শিবমন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুজো, আরতি ও প্রসাদ বিতরণ কর্মসূচির পরে গন্ডগোলের ঘটনা ঘটলো। অভিযোগ, এক বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের উপরে হামলা চালানো হয়েছে। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। বিজেপির অভিযোগ, কর্মসূচি শেষে বুধবার গভীর রাতে বিজেপি কর্মী বৃজু যাদব ও তাঁর পরিবারের উপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।অভিযোগ অনুযায়ী, স্থানীয় রোহিত নুনিয়া ও সদ্য পদত্যাগী তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার নেতৃত্বে একদল দুষ্কৃতী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঘটনায় আহত হয়েছেন বৃজু যাদব ও তাঁর ভাই বাবলু যাদব। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা বাড়ির মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে। এমনকি এক গর্ভবতী মহিলাকেও ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষের সমর্থকরা। স্থানীয় কয়েকজন মহিলা দাবি করেছেন, রোহিত নুনিয়া ও সঞ্জয় নুনিয়া শারীরিক অসুস্থতার কারণে এলাকায় উপস্থিতই ছিলেন না। তাঁদের বক্তব্য, পুরো পরিবারই বাইরে রয়েছে।

তাই তাঁদের নেতৃত্বে হামলার অভিযোগ ভিত্তিহীন। প্রকৃত ঘটনা আড়াল করে তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।স্থানীয়দের একাংশ আরও দাবি করেন, রোহিত নুনিয়া এলাকার গরীব মানুষের পাশে দাঁড়ান এবং বহু মানুষের জীবিকার ব্যবস্থা করেছেন। সেই কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে তাঁদের অভিযোগ।ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *