ইউনিয়ন অফিস ফেরতের দাবিতে পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি বাস কর্মীদের
সার্থক কুমার দে, দুর্গাপুর : দখল হয়ে গেছে বাস কর্মীদের ইউনিয়ন অফিস । অভিযোগ বিজেপির বিরুদ্ধে । নিজেদের অফিস ফেরত পেতে এবার পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নামলো মিনি বাস কর্মীরা । অফিস দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি বিজেপি নেতৃত্বের ।














রাজ্যে শাসন ক্ষমতার পরিবর্তনের পরে রাজ্য জুড়ে তৃণমূলের অসংখ্য দলীয় কার্যালয় বিজেপি দখল করে নিয়েছে বলে অভিযোগ । যদিও দখলের অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব । একই রকমভাবে ভোট গণনার দিন অন্ডালের উখরা গ্রামের বাজপায় মোরে মিনিবাস কর্মীদের ইউনিয়ন অফিসও দখল হয়ে যায় । দখলের অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে । পরে সেই অফিসটির রং বদল করে ঘটা করে উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য । অন্যদিকে ইউনিয়ন অফিসটি ফিরে পেতে রবিবার বাস পরিষেবা বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে বাস কর্মীরা । ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে মিনিবাস চলাচল । বাস কর্মীদের পক্ষে নরেশ বাউরী প্রদীপ মাহাতো রা বলেন প্রায় ৫০ বছর ধরে মিনি বাস কর্মীদের ইউনিয়ন অফিস ছিল বাজপাই মোড়ে । দখল করে সেই অফিসটি বর্তমানে বিজেপির দলীয় কার্যালয় হয়ে গেছে । বিজেপি নেতৃত্বের কাছে অনুরোধ জানানোর পরেও অফিসটি ফেরত দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তারা ।

অন্যদিকে ইউনিয়ন অফিস দখলের অভিযোগ অস্বীকার করেন বিজেপির রানীগঞ্জ বিধানসভা মন্ডল ৩ এর সভাপতি ইন্দ্রসেন রায় । তিনি বলেন আগে বাস ইউনিয়নের নেতা ছিলেন তৃণমূলের রাজু মুখোপাধ্যায় । নির্বাচনে পরাজয়ের পর তিনি স্বেচ্ছায় ইউনিয়ন অফিসের চাবি আমাদেরকে দিয়েছেন । তাছাড়া অফিসটি যে জমির উপর রয়েছে সেই জমির মালিক আমাদের দলেরই এক নেতার । পরবর্তীকালে তিনি সেই জমি দলের জেলা সভাপতি নামে দানপত্র করে দিয়েছেন । ফলে ইউনিয়ন অফিস দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি । পাশাপাশি ইউনিয়ন অফিসটি নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এসেছে । ইন্দ্রসেন বাবু বলেন দলকে বদনাম করতে বাস কর্মীদের ইন্ধন যোগাচ্ছে শ্রীদীপ (ছোটন) চক্রবর্তী, বাপ্পা ঘোষ, শ্যামল নন্দী-রা । এরাও বিজেপির লোক , কিন্তু বর্তমানে দলের কোন পদ নেই তাদের । তাই তারা এই কাজ করছে বলে অভিযোগ করেন ইন্দ্রবাবু । তবে নিজের দলেরই যাদের বিরুদ্ধে তিনি ইন্ধন জোগানোর অভিযোগ করছেন তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।


