ASANSOL

ডিমের পর এবার ‘চটি’! আসানসোল আদালতে ধৃত তৃণমূল নেতাকে ঘিরে বিজেপির বিক্ষোভ, ” চোর স্লোগান

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* অবৈধ পাথর খাদান চালানোর মামলায় গ্রেফতার হওয়া সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিংকে ৬ দিনের পুলিশি হেফাজত শেষে বৃহস্পতিবার আবার আসানসোল জেলা আদালতে তোলা হয়। এদিন তাঁকে আদালতে আনার সময়ই বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে আসানসোল আদালত চত্বর।জানা গেছে, গত শুক্রবার সালানপুর থানার পুলিশ অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে ভোলা সিংকে গ্রেফতার করে। পরে আদালত তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সময় তাঁকে সালানপুর থানার পরিবর্তে হিরাপুর থানায় রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

বুধবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় হিরাপুর থানা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোলা সিংকে আসানসোল জেলা আদালতে আনা হয়। সেই সময় আদালত চত্বরে উপস্থিত বিজেপি নেতা আকবর হোসেন ভোলা সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চটি দেখান। পাশাপাশি তিনি ও তাঁর সমর্থকেরা “চোর-চোর” স্লোগান দিতে থাকেন।প্রসঙ্গত, এর আগের দিন আগেই ভোলা সিংকে আদালতে আনার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার আদালত চত্বরে ‘চটি-বিক্ষোভ’ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দেয়। যদিও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভোলা সিংকে ঘিরে ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক চাপানউতোরের জেরে মামলাটি এখন জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *