ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে IMA-এর উদ্যোগে বৃক্ষরোপণ, লক্ষ্য সবুজ-সুস্থ পরিবেশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান:* পরিবেশ দূষণ রোধ ও অক্সিজেনের জোগান বাড়াতে উদ্যোগী হলেন রানীগঞ্জের চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে শুক্রবার বড়দই সংলগ্ন সুন্দরনগর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বনবিভাগের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন দুর্গাপুরের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার অনুপম খান। তিনি বলেন, “বিভিন্ন সামাজিক সংগঠন, ECL, BCCL সহ সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে সাথে নিয়ে রাজ্যজুড়ে নিবিড় বনসৃজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এবছর রাজ্যে ১ কোটি ১০ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা থাকলেও তা ছাড়িয়ে ৫ থেকে ৬ কোটি গাছ লাগানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।”*চিকিৎসকদের বার্তা: “চিকিৎসার পাশাপাশি পরিবেশ”* IMA রানীগঞ্জ শাখার সদস্যরা জানান, শুধু চিকিৎসা নয়, পরিবেশ রক্ষাও তাঁদের দায়িত্ব। দূষণ কমাতে ও সুস্থ সমাজ গড়তে বৃক্ষের ভূমিকা অপরিহার্য। তাই বড়দের পাশাপাশি ছোটদেরও এই কর্মসূচিতে সামিল করা হয়েছে। সুন্দরনগর এলাকায় এদিন ছায়া ও ফল প্রদানকারী বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে গাছ-গাছালি নিয়ে কবিতা আবৃত্তি হয়।

ছোট-বড় সকলেই অংশ নিয়ে দর্শকদের মন জয় করেন। চিকিৎসকরা জানান, গাছ লাগিয়েই তাঁরা থেমে থাকবেন না। ভবিষ্যতে এই গাছগুলির পরিচর্যার জন্যও বিশেষ উদ্যোগ নেবেন তাঁরা।উল্লেখ্য, রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে প্রতি বছর ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত “অরণ্য সপ্তাহ” পালিত হয়। তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি। আয়োজকদের আশা, এই উদ্যোগ রানীগঞ্জের পরিবেশকে আরও অক্সিজেন সমৃদ্ধ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *