ASANSOLKULTI-BARAKAR

ছাদের টিন ভেঙে দুঃসাহসিক চুরি বাড়ি ও দোকানে, চাঞ্চল্য কুলটিতে

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাতের অন্ধকারে আসানসোলের কুলটি থানার কল্যানেশ্বরী- দেন্দুয়া রাস্তায় কদভিটা মোড় এলাকায় ছাদের টিন ভেতর বাড়ি ও দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। চোরের দল নগদ টাকা, রুপোর গয়না সহ লক্ষাধিক টাকার কাঁসা ও পিতলের বাসন নিয়ে চম্পট দেয়। বুধবার রাতের চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত কল্যাণেশ্বরী-দেন্দুয়া রোডের কদভিটা মোড় সংলগ্ন পিএইচই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলটি থানার কল্যানেশ্বরী – দেন্দুয়া রোডের কদভিটা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা গৃহকর্তা তথা ব্যবসায়ী অনিরুদ্ধ সাউ ওরফে পিন্টু গত মঙ্গলবার সপরিবারে তারাপীঠ গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে আসতেই তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখা যায়, বাড়ির ছাদের টিনের শেড উপড়ে ভেতরে ঢুকেছিল চোরের দল। ঘরের ভেতরের বাক্স ও আলমারি ভেঙে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে।পিন্টু সাউ বলেন, চোরেরা আলমারি ভেঙে নগদ ৮ হাজার টাকা এবং বেশ কিছু মূল্যবান রুপোর অলঙ্কার নিয়ে গেছে।

শুধু ঘরের ভেতরেই নয়, চোরদের নজর পড়েছিল অনিরুদ্ধ বাবুর বাড়ির সঙ্গেই লাগোয়া তাঁর নিজস্ব বাসনের দোকানটিতেও। ঘরে চুরির করার পর চোরেরা দোকানে ঢুকে তাণ্ডব চালায়। ব্যবসায়ীর দাবি, দোকান থেকে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের কাঁসা, পিতল ও অন্যান্য দামী বাসনপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে অনুমান।এই দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।

প্রকাশ্য রাস্তার পাশেই যেভাবে চোরেরা বেপরোয়াভাবে এই কাণ্ড ঘটিয়েছে, তাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।ইতিমধ্যেই অনিরুদ্ধ সাউ ওরফে পিন্টু চৌরঙ্গী ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চোরদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *