আসানসোল রাইফেল ক্লাবে শুরু দশম ইষ্ট জোন শুটিং চ্যাম্পিয়ানশিপ উদ্বোধনে ক্রীড়া মন্ত্রী
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের চাঁদমারিতে আসানসোল রাইফেল ক্লাবে মঙ্গলবার জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো দশম ইষ্ট জোন বা পূর্বাঞ্চল শুটিং চ্যাম্পিয়নশিপ। আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই চ্যাম্পিয়ানশিপ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত রাজ্য ক্রীড়া মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এই চ্যাম্পিয়ানশিপের উদ্বোধন করেন। এছাড়াও আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় , সেল আইএসপি বা ইস্কো কারখানা ও ডিএসপি বা দুর্গাপুর ইস্পাত কারখানার ডিরেক্টর ইনচার্জ বা ডিআইডি সুরজিৎ মিশ্র এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী বলেন, আমাদের সরকার সব ধরনের স্পোর্টস বা খেলাকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছি। স্পোর্টস পার্সেন বা ক্রীড়া ব্যক্তিত্বদের বিভিন্ন সাপোর্ট দেওয়া হবে। সে নিয়ে ইতিমধ্যেই মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী ২৯ আগষ্ট ন্যাশনাল স্পোর্টস ডে। সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পোর্টস পার্সনদেরকে বিভিন্ন সাপোর্টিভ যে স্কিমস হচ্ছে সেগুলোর উদ্বোধন করবেন।

জেলায় জেলায় ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। পশ্চিম বর্ধমান জেলাতেই কিন্তু এখনো ডিস্ট্রিক্ট স্পোর্টস এ্যাসোসিয়েশন তৈরি হয়নি। আসানসোল রাইফেল ক্লাবের তরফে ভিকে ঢল বলেন, পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর থেকে চ্যাম্পিয়ন শুটাররা এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন।
প্রতিযোগিতায় প্রায় ৯০০ জন প্রতিযোগী অংশ নেবেন। শুটাররা বিভিন্ন পিস্তল এবং রাইফেল শুটিং ইভেন্টে তাদের প্রতিভা প্রদর্শন করবেন। তিনি আরো বলেন, আগামী ২৮ আগস্ট পুরস্কার বিতরণ করা হবে এবং ৩০ আগস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হবে।


