ASANSOLDURGAPUR

দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে দেহ রেখে বিক্ষোভ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের কোকওভেন থানার ডিপিএল প্রশাসনিক ভবন সংলগ্ন একটি বেসরকারি কারখানায়। অভিযোগ, কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন ঐ অস্থায়ী শ্রমিক। তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। এরপর মৃতদেহ কারখানা প্রাঙ্গণে রেখে ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হন মৃতের আত্মীয়-পরিজন ও সহকর্মীরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানার অস্থায়ী শ্রমিকদের জন্য নেই ইএসআইয়ের সুবিধা। নেই অন্যান্য প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা বা শ্রমিক কল্যাণমূলক সুযোগ-সুবিধা। দীর্ঘদিন ধরেই অনিশ্চিত ও অসুরক্ষিত পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন তাঁরা। তাই মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও একজনের চাকরির দাবিতে তাঁদের এই আন্দোলন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।কারখানা কতৃপক্ষের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ঐ অস্থায়ী শ্রমিক কারখানায় কাজ করার সময় অচৈতন্য হয়ে যান। তারপর কারখানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে জানান। ইএসআই না থাকার অভিযোগে তিনি বলেন, এই বিষয়টি ঠিকাদার বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *