দূর্গাপুরে চাঞ্চল্য রেল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কলকাতায় গেছিলেন ছেলের কাছে সপরিবারে দুদিনের জন্য। সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখেন সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুষ্কৃতিদের দল। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার শেরপুর এলাকার বাসিন্দা রেল কর্মী সুবীর চন্দ্র ঘোষের বাড়িতে। রবিবার রাতে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, কাঁকসার শেরপুর এলাকার বাসিন্দা রেল কর্মী সুবীর চন্দ্র ঘোষ দুদিন আগে তার স্ত্রীকে নিয়ে কলকাতায় ছেলের কাছে গেছিলেন।














রবিবার রাতে তিনি বাড়ি ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরে বাড়ির ভেতরে গিয়ে দেখেন সবকিছু ওলটপালট হয় পড়ে আছে। আলমারি ও লকার ভেঙে নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ঘটনার খবর দেওয়া হয় কাঁকসা থানায়।
খবর পেয়ে পুলিশ রেল কর্মীর বাড়িতে আসে ও তদন্ত শুরু করে। সুবীর চন্দ্র ঘোষ বলেন, প্রায় ৫০ লক্ষ টাকার উপরে সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে গেছে দুষ্কৃতিরা। এই ঘটনায় ঘোষ পরিবারের পাশাপাশি গোটা এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বুঝে উঠতে পারছেন না যে কি করে এই ঘটনা ঘটলো। কাঁকসা থানার পুলিশ জানায়, চুরির ঘটনার গুরুত্বের সাথে তদন্ত শুরু করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।


