ASANSOL

আসানসোলে শিশু খুনের ঘটনা ধৃতকে নিজেদের হাতে চেয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ পরিবারের সদস্যদের, পরিস্থিতি সামলাতে পুলিশ ও বিজেপি নেতা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ থানার লোয়ার ছিন্নমস্তা এলাকার তুরি পাড়ায় সম্প্রতি ঋত্বিক রুজ নামে বছর ৬ র এক শিশুর দেহ গত রবিবার বাড়ির অদূরে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিলো। আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পরে রিপোর্টের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, শিশুটিকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে গত বুধবার পুলিশ তুড়ি পাড়ার বাসিন্দা ঐ শিশুর প্রতিবেশী শিবনাথ তুড়িকে গ্রেফতার করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে, ধৃত জেরায় স্বীকার করেছে যে, সে ঋত্বিককে গলা টিপে শ্বাস রোধ করে খুন করেছে।

শুক্রবার বিকেলে এই খবর পাওয়ার পরে শিশুর পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা আসানসোলের জিটি রোডের ভগত সিং মোড়ে রাস্তা অবরোধ করেন। তারা বলেন, শিশুকে খুনের অভিযোগে পুলিশ যাকে গ্রেফতার করেছে, তাকে তাদের হাতে তুলে দিতে হবে। তারা তাদের সন্তানের খুনের জন্য সেই ব্যক্তিকে শাস্তি দেবেন। এই দাবিতে শিশুটির পরিবারের সদস্যরা ভগত সিং মোড়ে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন ও অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( সেন্ট্রাল ১) আব্দুল গফফরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তরফে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করা হয় যে, অপরাধীদের আইন অনুযায়ী কঠোরতম শাস্তি দেওয়া হবে। কিন্তু শিশুর পরিবারের সদস্য ও এলাকার লোকজনেরা তাদের দাবিতে অটল থাকেন ও বলেন যে তাদের ছেলেকে যে নৃশংসতার সাথে খুন করা হয়েছে, তার জন্য অভিযুক্ত ধৃতকে তাদের হাতে তুলে দিতে হবে।

পুলিশ দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। খবর পেয়ে আসেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের প্রতিনিধি বিজেপি নেতা অন্তু রায়। তিনিও বিক্ষোভকারীদের বোঝান এই বলে যে, বিধায়ক নিজে এই ঘটনা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তিনিও চান পুলিশ দ্রুত এই ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীকে গ্রেফতার করে। পরে, বিজেপি নেতা বলেন, খুন হওয়া শিশুটির পরিবারের সদস্যরা রাস্তা অবরোধ করে অভিযুক্তদের নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু দেশ সংবিধান ও আইন দ্বারা পরিচালিত হয়।

তাদের দাবি আইন সংগত নয়। তিনি বলেন, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের বুঝিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে সকল অপরাধীকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। তিনি আরো বলেন, তৃনমুল কংগ্রেসের আমলে এমন হতো যে অভিযুক্তরা দ্রুত জামিনে মুক্তি পেয়ে যেত। কিন্তু এখন বাংলায় বিজেপি সরকার রয়েছে। এখানে আইনের শাসন চলে, কোনো অপরাধীই রেহাই পাবে না।বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলেন।

তাঁদের দাবি, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উল্লেখ্য, গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল তুড়িপাড়া এলাকার বাসিন্দা ছয় বছরের ঋত্বিক রুজ। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনও সন্ধান না পেয়ে আসানসোল দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করেন।

রবিবার সকালে বাড়ির অদূরের একটি জঙ্গল থেকে উদ্ধার হয় শিশুটির দেহ।পরিবার সূত্রে জানা গেছে, ঋত্বিকের বাবা ছোটু রুজ পেশায় রাজমিস্ত্রি এবং মা পূর্ণিমা রুজ পরিচারিকার কাজ করেন। ঘটনার দিন দু’জনেই কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন। বাড়ি ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।এদিকে, আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে কোনও দিকই উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *