ASANSOLDURGAPUR

দুর্গাপুরে অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নগর নিগমের ভাঙতে নোটিশ, ১৫ দিন সময়

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইস্পাত নগরী দুর্গাপুরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে দুর্গাপুর নগর নিগম। জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতির এম কে ব্লক এলাকায় একটি বাড়ির অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হওয়ায় অভিযোগ উঠেছিলো। এই নির্মাণ নিয়ে দুর্গাপুর নগর নিগমে লিখিত অভিযোগ জমা পড়েছিল। তারপর সেই অভিযোগ খতিয়ে দেখতে দুর্গাপুর নগর নিগমের তরফে তদন্ত করা হয়। করা হয় শুনানিও।

তাতে অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ায় মালিককে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই একটি নোটিশ জারি করা হয়েছে তাতে নির্দেশ দেওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। তা না হলে নগর নিগম আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে নিজস্ব উদ্যোগে অবৈধ অংশ ভেঙে দেবে।

সেক্ষেত্রে পুরো খরচ সংশ্লিষ্ট বাড়ির মালিককে দিতে হবে।এই প্রসঙ্গে আগের সরকারের সমালোচনা করেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন , আগে জোড়াই ইলিশ নিয়ে প্ল্যান পাস করানো হতো। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিক নেতাদের তোষামোদ করে বহু অবৈধ নির্মাণ গড়ে উঠেছে।

তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেই দাবি তাঁর।বিধায়কের কথায়, আইন ভেঙে কোনও নির্মাণই আর বরদাস্ত করা হবে না। প্রশাসন নিয়ম মেনেই পদক্ষেপ করবে এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলবে ধারাবাহিকভাবে। দুর্গাপুর নগর নিগমের এই পদক্ষেপ নেওয়ার পরেই দুর্গাপুরে অবৈধ নির্মাণ নিয়ে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *