Wednesday, August 19, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, August 19, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

স্বাধীনতা দিবসের প্যারেড শেষে উধাও জামুড়িয়ার ইসিএলকর্মী, বন্ধ মোবাইলে বাড়ছে রহস্য তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, *জামুড়িয়া ও কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্বাধীনতা দিবসের সকালে প্যারেডে অংশ নিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্যারেডে যোগও দিয়েছিলেন। কিন্তু তার পরেই উধাও হয়ে গেলেন ইসিএলের নিরাপত্তা কর্মী রাহুল ভট্টাচার্য। শনিবার সকালের পরে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ঐ ইসিএল কর্মীর মোবাইল ফোনও বন্ধ। প্যারেডের পরে মাঠ থেকে বেরোনোর পর তাঁর এই উধাও হয়ে যাওয়া নিয়ে এখন তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।ইসিএলের জামুড়িয়ার সাতগ্রাম এরিয়ার নিংঘা কোলিয়ারির নিরাপত্তা বিভাগে কর্মরত ৩৪ বছরের রাহুলের নিখোঁজ হওয়ার ঘটনায় কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী রাধারানি ভট্টাচার্য।

পুলিশ ১৬ আগস্ট রবিবার সেই অভিযোগে জিডি নম্বর ৮৮৪ নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।জানা গেছে, জামুড়িয়া থানার পনিয়াটি ওয়ার্কশপের কোয়ার্টার নম্বর পিডাবলুএস/এনএইচএস/৭১-এ থাকেন রাহুল ভট্টাচার্য । ১৫ আগস্ট শনিবার ভোর প্রায় ৫টা নাগাদ নিজের মোটর বাইকে সাঁকতোড়িয়া গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।পরিবারের দাবি,প্যারেডে অংশ নেওয়ার পর থেকেই রাহুলের সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

দীর্ঘ সময় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যেরা। পরে সাঁকতোড়িয়া গ্রাউন্ডে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, রাহুল প্যারেডেও অংশ নিয়েছিলেন। প্যারেড শেষে তিনি সেখান থেকে বেরিয়েও গিয়েছিলেন। কিন্তু তারপর তাঁর আর কোন সন্ধান মেলেনি। ঘটনায় উদ্বেগ আরো বাড়িয়েছে রাহুলের মোবাইল ফোন বন্ধ থাকায়।প্যারেডে তাঁর উপস্থিতি নিশ্চিত হলেও অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি কোথায় গেছেন , কারও সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না, কিংবা কোন পথে রওনা দিয়েছিলেন, তার কোন স্পষ্ট উত্তর এখনো পর্যন্ত মেলেনি।

রাহুলের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করার পরে তাঁর সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। প্যারেডের পর রাহুলের গতিবিধি, সম্ভাব্য যাতায়াতের পথ এবং যোগাযোগের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।স্বাধীনতা দিবসের প্যারেডে যোগ দেওয়ার পর একজন ইসিএল নিরাপত্তাকর্মীর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে পরিবারে। ইসিএল কতৃপক্ষও এই ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। প্যারেডের মাঠ থেকে বেরোনোর পর ঠিক কোথায় গেলেন রাহুল ভট্টাচার্য ? তদন্তে নেমে সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *