ASANSOL

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় কাঁকসার বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের, উত্তেজনা

*বেঙ্গল মিরর, কাঁকসা, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ভোটের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যের প্রতিটি মহিলাকে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলেও সেই প্রতিশ্রুতি মতো কাজ হয়নি বলে অভিযোগ। বিজেপির সরকার গঠন হওয়ার পর থেকেই রাজ্যের মহিলারা আশায় বসে ছিলেন যে তারা অন্নপূর্ণা যোজনায় মাসে ৩০০০ টাকা করে পাতা পাবেন। সেই মতো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা ব্লকের হাজার হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করেছিলেন।

ইতিমধ্যেই কাঁকসা ব্লকের বহু মহিলার ব্যাংক একাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। কিন্তু যে সমস্ত মহিলাদের একাউন্টে টাকা ঢোকেনি তারা ক্ষুব্ধ হয়ে কাঁকসার ভিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। শুক্রবার দুপুরে মহিলাদের বিক্ষোভের বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছায় ও পরিস্থিতির সামাল দেয়।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, বিজেপি ভোটের প্রচারে প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি মতো সরকার আসার পরে কোন কাজ হয়নি। ইতিমধ্যেই বহু মহিলার একাউন্টে টাকা ঢুকলেও তাদের একাউন্টে কেন টাকা ঢুকছে না সেই বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাইলেও প্রশাসনের পক্ষ থেকে কোন সদুত্তর মিলছে না। তাই যতক্ষণ না তাদের প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেয়।

এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবশেষে ব্লক অফিসের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্ট খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন মহিলারা।কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শর্মার অভিযোগ রাজ্য সরকার সাধারণ মানুষদের শুধু হয়রান করছে। দুমাস ধরে মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কথা বললেও তাদের একাউন্টে টাকা ঢুকছে না।। দিনের পর দিন মহিলারা ব্লক অফিসে এসে খালি হাতে বাড়ি ফিরছেন প্রশাসনের পক্ষ থেকে কোন সদুত্তর তারা পাচ্ছেন না। মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। যে কারণেই এই ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের দাবি প্রশাসন এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে সমস্ত আবেদনকারী মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ব্যবস্থা করুক।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *