অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের ক্ষোভ, সালানপুর বিডিও অফিসে ধুন্ধুমার
*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্রমশই চড়ছে বিক্ষোভ ও উত্তেজনার পারদ।শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার সালানপুর বিডিও অফিসে আচমকা ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য ।জানা গেছে, এদিন একদল মহিলা আচমকা সালানপুর বিডিও অফিসের প্রথম তলার কনফারেন্স হলে ঢুকে পড়েন। ক্ষোভের মাথায় তাঁরা হলে সাজানো চেয়ার লণ্ডভণ্ড করে দেন বলে অভিযোগ ।পরিস্থিতি নিমেষে উত্তপ্ত হয়ে উঠে। ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বাহিনী।














পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তেজিত মহিলাদের শান্ত করতে ও পরিস্থিতি সামাল দিতে পুলিশ জানায়, যে সমস্ত আবেদনকারীদের নাম রিজেক্ট (বাতিল) হয়েছে কিংবা যাদের আবেদন ‘আন্ডার প্রসেস’ (প্রক্রিয়াধীন) অবস্থায় রয়েছে, তাঁরা নিয়ম মেনে পুনরায় আবেদন করতে পারেন অথবা অভিযোগ জমা দিতে পারেন। প্রশাসনের তরফে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।
পুলিশের এই আশ্বাসের পর ক্ষুব্ধ মহিলারা শান্ত হন। তবে, তারা এদিন বলেন, রাজ্য সরকার সরকারি ভাতা দেওয়ার নাম করে মহিলাদেরকে হেনস্তা করছে। একবার বলছে, অনলাইন করো। আবার বলছে অফলাইনে আবেদন করো। সব কিছু করার পরে আমরা টাকা পাচ্ছি না। অথচ আগের সরকার লক্ষীর ভান্ডারে টাকা সহজেই দিতো।যদিও, এদিনের ঘটনা ও মহিলাদের অভিযোগ নিয়ে বিডিও অফিসের আধিকারিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


