ASANSOL

আসানসোল পুরনিগমের ৫৬ নং ওয়ার্ডে পুকুর সংস্কার কাজের সূচনায় অগ্নিমিত্রা পাল

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দীর্ঘদিনের অবহেলা, আবর্জনা ও নোংরা জলের দূষণে কার্যত বেহাল হয়ে পড়েছিল আসানসোল পুরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের রাধানগর রোডের ছিন্নমস্তা মন্দির সংলগ্ন পুকুর। এবার সেই পুকুরের চেহারা বদলাতে বড়সড় উদ্যোগ নিল আসানসোল পুরনিগম। সোমবার সংস্কার কাজের শুভ সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি একইসাথে এই অনুষ্ঠান থেকে শহরের সাফাই ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার প্রচারে একটি ট্যাবলোরও সবুজ পতাকা দেখিয়ে সূচনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র।

এই পুকুরের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অগ্নিমিত্রা পাল বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের একাংশ পুকুরের চারপাশে আবর্জনা ফেলেছেন। পাশাপাশি বিভিন্ন বাড়ির নোংরা জল পুকুরে এসে পড়ায় তা দূষিত হয়ে পড়েছিল। তাই প্রথমেই পুকুরের চারপাশ পরিষ্কার, জমে থাকা নোংরা জল ও পলি-মাটি সরানোর কাজ শুরু হয়েছে।তিনি আরো বলেন, এই সংস্কার কাজে নামানো হয়েছে তিনটি জেসিবি এবং প্রায় ১০০ জন শ্রমিক। পুকুরে নোংরা জল ঢোকার উৎস চিহ্নিত করে সংশ্লিষ্ট পাইপের লিকেজ বন্ধ করা হবে।

এরপর পুকুরের চারপাশে হাঁটার রাস্তা, রেলিং ও আলোর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বোটিংয়ের ব্যবস্থাও করা যায় কি না, তা বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রী।অগ্নিমিত্রা পাল বলেন, একটা পুকুর দিয়ে কাজ শেষ নয়। শহরের একের পর এক পুকুর পরিষ্কার ও সংস্কার করা হবে। তাঁর মতে, পুকুর শুধু জলাশয় নয়, এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের সামাজিক ও ধর্মীয় জীবনের সঙ্গেও এর গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

পুকুরে আবর্জনা ফেলা নিয়ে স্থানীয়দেরও সতর্ক করেন মন্ত্রী। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে শহরে রাস্তা নোংরা করা, প্রকাশ্যে প্রস্রাব করা, নিষিদ্ধ ওয়ান-টাইম প্লাস্টিক ব্যবহার কিংবা থুতু ফেলার মতো কাজের বিরুদ্ধে জরিমানা চালু করা হবে। একইভাবে পুকুর-জলাশয় নোংরা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

পুকুর সংস্কারের নামে মাটি কেটে বিক্রি বা কোনও ধরনের অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন অগ্নিমিত্রা পাল। রাধানগরের এই পুকুর সংস্কারের মাধ্যমে আসানসোল শহরের জলাশয়গুলিকে নতুন করে সাজানোর বৃহত্তর কর্মসূচির সূচনা হল পুর প্রশাসনের তরফে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *