আসানসোল পুর এলাকায় বকেয়া কর আদায়ে নোটিশ মিটিয়ে দেওয়ায় আর্জি মন্ত্রী অগ্নিমিত্রা পালের
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগম এলাকায় বকেয়া পুরকর বা ট্যাক্স আদায়ে তৎপর হলো পুর কতৃপক্ষ। ১ লক্ষ বা তার বেশি পুরকর বকেয়া রয়েছে, এমন ১৭০০ টি হোল্ডিংকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই নোটিশ দিয়ে বকেয়া পুরকর দেওয়ার কথা বলা হয়েছে আসানসোল পুরনিগমের তরফে। এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও ঐসব হোল্ডিংয়ের মালিকদেরকে উন্নয়ন ও পুর পরিসেবা ঠিক রাখার স্বার্থে বকেয়া পুরকর মিটিয়ে দেওয়ায় আর্জি জানিয়েছেন।এই প্রসঙ্গে সোমবার আসানসোলে পুর কমিশনার দিলীপ মিশ্রকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, ১ লক্ষ ও তার বেশি পুরকর বকেয়া রয়েছে এমন ১৭০০ জনকে আসানসোল পুরনিগমের তরফে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে।














এবার এলাকায় এলাকায় টোটো দিয়ে এই ব্যাপারে প্রচার চালানো হবে। তা সাতদিন ধরে চলবে। তারপরে জায়গায় জায়গায় ক্যাম্প বা শিবির করা হবে। যাতে বকেয়া পুরকর জমা দিতে পারেন। তারপরেও যদি বকেয়া পুরকর মিটিয়ে দেওয়া না হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
কি সেই ব্যবস্থা, তা অবশ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এদিন সাংবাদিকদের কাছে খোলসা করেননি। তিনি বলেন, এখন তা বলছি না। তবে পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রীর কথায়, পুরকর ঠিক মতো না দেওয়ায়, উন্নয়ন ও পুর পরিসেবা ব্যহত হবে, তা মেনে নেওয়া হবে না।

