ASANSOL

আসানসোলে স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও রামকৃষ্ণ মিশনের সাইকেল র‍্যালি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং আসানসোল রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রবিবার আসানসোলের রবীন্দ্র ভবন থেকে একটি সাইকেল র‍্যালি আয়োজন করা হয়। তা আসানসোল রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয় । এই উপলক্ষে আসানসোল রবীন্দ্র ভবনে এদিন সকালে সাইকেল র‍্যালির সূচনায় আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমাত্মানন্দ জি মহারাজ, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোমুখি, আসানসোল বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারির পক্ষ থেকে অতিথিদের সম্মানিত করা হয়।

এই প্রসঙ্গে স্বামী সৌমাত্মানন্দ জি মহারাজ বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র গড়তে হলে শক্তিশালী নাগরিকের প্রয়োজন। এর জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। স্বামী বিবেকানন্দও সবাইকে খেলাধুলায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া অভিযান শুরু করেছেন। সেই লক্ষ্যেই এদিন এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, শক্তিশালী নাগরিকই শক্তিশালী রাষ্ট্র গড়তে পারে।বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যও আসানসোল রামকৃষ্ণ মিশনের এই পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, স্বামী বিবেকানন্দও শারীরিক সক্ষমতার উপর অনেক জোর দিয়েছিলেন, কারণ সুস্থ শরীরেই সুস্থ মন বাস করে।বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, শরীরকে সুস্থ রাখতে খেলাধুলা খুবই প্রয়োজন।

তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ বিষয়ে উৎসাহ দেন। এদিন স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও আসানসোল রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সাইকেল র‍্যালি রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে আসানসোল রামকৃষ্ণ মিশন পর্যন্ত যায়। অনেকেই এই সাইকেল র‍্যালিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *