সম্পত্তির লোভে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে পাণ্ডবেশ্বরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সম্পত্তির লোভে স্বামীকে খুনের অভিযোগ উঠলো স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে। রবিরবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের মহাল এলাকায়। মৃতের নাম শেখ হাসমত (৪৪)। জানা গেছে, কর্মসূত্রে তিনি বীরভূমে থাকতেন। তবে গত কয়েকদিন ধরে পাণ্ডবেশ্বরের মহালে শ্বশুরবাড়িতে ছিলেন তিনি। রবিবার রাতে তাঁকে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ














স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাড়িতে বসে খাওয়ার সময় হাসমতের স্ত্রী তাঁর ভাইদের ডেকে আনেন বলে। এরপর স্ত্রী তাঁর ভাইদের সঙ্গে নিয়ে হাসমতের উপর হামলা চালানো হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় গুরুতর আহত হন হাসমত। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানায় ।ইতিমধ্যেই এই ঘটনার বিষয়ে পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই হাসমতের উপর হামলা চালানো হয়ে থাকতে পারে।
তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও তদন্তসাপেক্ষ।পুলিশ জানায় , মৃতের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির পরিবারের কোনও সম্পত্তি সংক্রান্ত বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সময় বাড়িতে কারা উপস্থিত ছিলেন এবং কিভাবে হাসমত গুরুতর জখম হলেন, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে।মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের বক্তব্যও সংগ্রহ করছে পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন তথ্য ও প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরো স্পষ্ট তথ্য পাওয়া যাবে।স্বামীর মৃত্যুতে স্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে উঠা গুরুতর অভিযোগের জেরে মহাল এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা।পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। রবিবার রাতে মৃত ব্যক্তির সঙ্গে কে কে ছিলো, তা খুঁজে দেখা হচ্ছে। পাশাপাশি রাতে ঠিক কি ঘটনা ঘটেছিলো, তা জানার চেষ্টা করা হচ্ছে।


