অন্নপূর্ণা নিয়ে বিক্ষোভের মাঝেই জামুড়িয়ায় বিজেপির মহিলাদের নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন র্যালি
বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য জুড়ে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে কোথাও অবরোধ, কোথাও বিক্ষোভে ফেটে পড়ছেন মহিলারা, ঠিক তখনই উল্টো ছবি দেখা গেলো পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায়। সরকারি প্রকল্পের টাকা পেয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে পথে নামলেন শতাধিক মহিলা। আর সেইর্যালি নেতৃত্বে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা নেতৃত্ব। এই র্যালির উদ্যোক্তা বিজেপির জামুড়িয়া গ্রামীণ মন্ডল ১।













রবিবার জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া চৌধুরী পুকুর থেকে চুরুলিয়া হাটতলা পর্যন্ত কয়েকশো মহিলা ঢাক-ঢোল বাজিয়ে র্যালি করেন। হাতে পোস্টারে লেখা “ধন্যবাদ মুখ্যমন্ত্রী, ধন্যবাদ অন্নপূর্ণা ভাণ্ডার”।এই র্যালি শেষে হাটতলায় হয় সভা। সভায় উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, জেলা সম্পাদক রানা বন্দোপাধ্যায় , মন্ডল সভাপতি পিনাকী রায়, বিজেপি নেতা তাপস রায় সহ অন্যান্যরা ।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, সরকার ভালো কাজ করলে তার প্রশংসা করতেই হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বাংলার মা-বোনেরা উপকৃত হচ্ছেন। জামুড়িয়ার বহু মহিলা টাকা পেয়েছেন, তাই তাঁদের নিয়েই আমরা কৃতজ্ঞতা জানালাম।উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে বর্তমান রাজ্য সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্য জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গত তিন মাসেরও বেশি সময় ধরে।
কোথাও টাকা ঢুকছে না বলে ক্ষোভ। আবার কোথাও টাকা পেয়ে খুশির হাওয়া। আর সেই খুশির হাওয়াকেই হাতিয়ার করে রাজনীতির অন্য অঙ্ক কষল জামুড়িয়া বিজেপি।শাসক দলের পক্ষ থেকে রাজ্য সরকার প্রকল্পের জন্য ধন্যবাদ মিছিল, বাংলার রাজনীতিতে এমন ছবি খুব একটা বিরল নয়।


