আসানসোলে পুলিশের সহযোগিতায় এসবিএফসিআইয়ের সাইবার সচেতনতায় অনুষ্ঠান
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের গুজরাট ভবনে শনিবার বিকেলে সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ে একটি সচেতনতামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসবিএফসিআই) আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে। এই অনুষ্ঠান থেকে ব্যবসা প্রতিষ্ঠান এবং জনসাধারণকে সাইবার জালিয়াতি থেকে নিজেদের রক্ষা করার উপায় সম্পর্কে জানানো হয়।













এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার বলেন , মানুষ যেমন তাদের জিনিসপত্র রক্ষা করে, তেমনি ডিজিটাল ডিভাইস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অনলাইন অ্যাকাউন্টের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকাও জরুরি। তিনি আরো বলেন , যত তাড়াতাড়ি সাইবার অপরাধের অভিযোগ দায়ের করা হবে, ব্যবস্থা নেওয়া তত সহজ হবে।এডিসিপি (সাইবার) রাহুল পান্ডে বলেন , ২০২০ সাল থেকে সাইবার অপরাধীরা প্রায় ৫২,০০০ কোটি টাকার জালিয়াতি করেছে। শুধুমাত্র ২০২৫ সালেই সাইবার অপরাধীদের দ্বারা প্রায় ২২,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তিনি জনগণকে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ায় অজানা লিঙ্কে ক্লিক না করতে এবং সতর্ক থাকতে অনুরোধ করেন।এই অনুষ্ঠানে পুলিশ আধিকারিক শাহনাজ খাতুন, এসবিএফসিআইর সভাপতি ভি.কে. ঢল, সাধারণ সম্পাদক জগদীশ বাগড়ি সহ বিপুল সংখ্যা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

