ASANSOL

কল্যাণেশ্বরীতে পুজো দিয়ে ফেরার পথে মাইথনে পথ দুর্ঘটনা আহত বাইক চালক

*বেঙ্গল মিরর, কল্যানেশ্বরী, রাজা বন্দোপাধ্যায়ঃ* কল্যাণেশ্বরী মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার মুখে পড়লেন এক বাইক চালক। শনিবার লেফ্ট ব্যাংক এলাকায় একটি বেপরোয়া চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মোটরবাইকটির। সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হন মোটরবাইক চালক হিমাংশু তিওয়ারি।স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের কুমারডুবির বাসিন্দা হিমাংশু তিওয়ারি কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন।

ঠিক সেই সময়ই মাইথন থেকে বন্ধুদের সাথে ঘুরে চার চাকা গাড়ি করে ফিরছিলেন চার যুবক। মাইথন লেফ্ট ব্যাংকের সামনে চারচাকা গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। তাতেই চারচাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ছিটকে পড়ে জখম হন বাইক চালক হিমাংশু তেওয়ারি। ঘটনার খবর পাওয়া মাত্রই কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আশঙ্কাজনক অবস্থায় আহত বাইক চালককে উদ্ধার করে প্রথমে মাইথনের বিপি নিয়োগী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে বাইক ও চার চাকার গাড়িটিকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে চার চাকার চালক শ্লোক ভোয়ালকাকেও। আটক যুবক নিয়ামতপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *