কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানালো রাজ্য বিজেপির ট্রেডার্স সেল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ২০২৬ র কেন্দ্রীয় বাজেট নিয়ে গোটা দেশ রাজ্যের পাশাপাশি আসানসোলের ব্যবসায়ী এবং সমাজের সকল স্তরের মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ ছিল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন সংসদে এদিন বাজেট উপস্থাপন করেন।
বিজেপির রাজ্য ট্রেডার্স সেলের আহ্বায়ক সুব্রত ওরফে মিঠু ঘাঁটি এবারের কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রথমে নির্মলা সীতারমনকে টানা নবমবারের মতো কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের জন্য অভিনন্দন জানান।














সুব্রতবাবু বলেন, এটা অবশ্যই একটি ঐতিহাসিক মুহূর্ত। নির্মলা সীতারমন তার বাজেটে ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যাধির ওষুধের দাম কমিয়েছেন। অর্থ মন্ত্রী হিসেবে এবারের বাজেটে এমন অনেক প্রকল্পের প্রস্তাব করেছেন যা ভারতের পরিকাঠামোর দীর্ঘমেয়াদী উন্নয়নে অবদান রাখবে। একইসঙ্গে এই বাজেট ২০৪৭ সালের মধ্যে দেশকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন অর্জনে সহায়তা করবে। তিনি আরো বলেন, বাজেট আমাদের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। কিন্তু দুর্ভাগ্যবশত, অতীতে কেন্দ্রীয়
বাজেটকে রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করা হয়েছিল। তবে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী তা না করে বা এড়িয়ে গিয়ে দেশ গঠনের জন্য এই বাজেটকে ব্যবহার করেছেন। তিনি এর জন্য অর্থমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। কেন্দ্রীয় বাজেট থেকে বাংলাও উপকৃত হবে বলে দাবি তার। নিজে একজন আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুব্রত বাবু এই সময়ে সোনার দাম নিয়ে কিছুটা হলেও চিন্তিত। তিনি বলেন, সোনা এখন বাঙালি মধ্যবিত্তদের নাগালের বাইরে। তবে তার আশা সোনার দাম খুব শীঘ্রই সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

