ইসিএলের নতুন ওয়াটার রিজার্ভারের দেওয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : জামুড়িয়া বিধানসভার ইসিএল কেন্দা এরিয়ার অন্তর্গত ইস্ট কেন্দার ভুইয়া পাড়ায় রবিবার বিকেল প্রায় ৪টা নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইসিএলের পক্ষ থেকে নির্মিত নতুন ওয়াটার রিজার্ভার (জলাধার)-এর একটি অংশের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। এতে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয় এবং এক শিশু গুরুতরভাবে আহত হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সাধারণ মানুষের ব্যবহারের জন্য ইসিএল এই নতুন জলাধারটি নির্মাণ করেছিল। রবিবার সেটিতে জল ভরে পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় বহু স্থানীয় বাসিন্দা নতুন রিজার্ভারটি দেখতে সেখানে ভিড় জমায় এবং কেউ কেউ জলে হাত-পা ধোয়াও করছিলেন।হঠাৎ করেই রিজার্ভারের এক পাশের দেওয়াল ভেঙে পড়ে। ঘটনায় ভুইয়া পাড়ার বাসিন্দা প্রকাশ ভুইয়া (৩০), পবন ভুইয়া (২০) এবং এক শিশু মাটির নিচে চাপা পড়েন।














স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রকাশ ভুইয়া ও পবন ভুইয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু ভরত ভুইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, জলাধার নির্মাণে গাফিলতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত স্থানীয় ইসিএল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নিয়ে ই সি এল এর সিএমডি সতীশ ঝা বলেন এই জল ট্যাংকির নির্মাণ ইcl করেনি।

