ভোটের চারদিন আগেই মদের দোকান বন্ধের নির্দেশ নির্বাচন কমিশনের, বিপাকে সুরাপ্রেমীরা
*বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* ভোটের চারদিন আগেই মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে আবগারি দপ্তর। আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশ মতো এক বিঞ্জপ্তি জারি করেছে আবগারি দপ্তর। রবিবার রাতেই এই নির্দেশ জারি হওয়ায় সোমবার সকাল থেকেই পশ্চিম বর্ধমান জেলার সমস্ত মদের দোকান বন্ধ রাখতে হয়েছে। ফলে রীতিমতো বিপাকে পড়ে গেছে সুরাপ্রেমীরা। জানা গেছে, এতোদিন পর্যন্ত নির্বাচন কমিশন ও রাজ্য আবগারি দপ্তর নির্দেশ থাকতো ভোটের ৪৮ ঘণ্টা আগে সমস্ত মদের দোকান বন্ধ রাখতে হবে।














কিন্তু, রবিবার রাতেই সেই নির্দেশের পরিবর্তে ভোটের ৯৬ ঘণ্টা অর্থাৎ ৪ দিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে অনেকেই মদের দোকান বন্ধ দেখে হতাশ হয়ে পড়েন। তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, ভোট তো এখনো তিনদিন বাকি, তাহলে এখন থেকেই কেন বন্ধ মদের দোকান? দোকান মালিকেরা সাফ জানিয়ে দিয়েছেন, আবগারি দপ্তরের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। একটি সূত্রে জানা গেছে, ভোটের কদিন আগে থেকেই হঠাৎ করেই লক্ষ্য করা গেছে মদের অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে।
যা অন্য সময়ের সঙ্গে নাকি মানানসই নয়। সেকারনেই ভোটের দিন বা তার আগে কোথাও যাতে কোনোরকম অশান্তি না হয়, সেদিকে লক্ষ রেখেই আবগারি দপ্তর ৪৮ ঘন্টার বদলে ৯৬ ঘন্টা আগেই মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। একইসঙ্গে মদের সরকারি ডিপোগুলিও সোমবার থেকেই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল রাজ্যে যে ১৬টি জেলায় ১৫২ টি কেন্দ্রে প্রথম দফায় ভোট গ্রহন হচ্ছে, তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসন।
প্রশাসনের একটি সূত্রে জানা যায়, ভোটের আগে মদের মাধ্যমে ভোটারদের প্রলোভন দেখানো বা প্রভাবিত করার আশঙ্কা থাকে। যা আটকাতেই ড্রাই ডে-র মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়াও ভোটের আগে যাতে অতিরিক্ত মদ মজুত না করা যায়, সে জন্য ডিপো থেকেও মদ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এদিকে, সরকারী এই নির্দেশ সুরাপ্রেমীদের কাছে বিনামেঘে বজ্রপাতের মতোই। যারা নিয়মিত পান করেন তারা ঠিক করে রেখেছিলেন ২০ এপ্রিল সোমবার রাতের মধ্যে প্রয়োজন মত মদ কিনে রেখে দেবেন।
কিন্তু হঠাৎ করে দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।আবগারি দপ্তর সূত্রে আরো জানা গেছে, সবকিছু ঠিক থাকলে, ভোটের পরের দিন অর্থাৎ ২৪ এপ্রিল শুক্রবার সকাল থেকে মদের দোকান খোলার নির্দেশ দিতে পারে আবগারি দপ্তর। এও জানা গেছে, গণনার জন্য ভোটের মতো একই নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন।

