ASANSOL

১৫ বছরে বাংলায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, হয়নি কর্মসংস্থানও ভোটের আগে তৃণমূলকে আক্রমণ আসানসোলের সিপিআই প্রার্থীর

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী অখিলেশ কুমার সিং সোমবার সকালে আসানসোলে জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। ২৩ এপ্রিলের নির্বাচনের আগে তিনি আসানসোল উত্তর বিধানসভার মানুষের উদ্দেশ্যে তাঁর মতামত তুলে ধরেন। তিনি বলেন, যখন বামেরা বাংলা শাসন করতো, তখন শিল্পায়ন, সামাজিক ন্যায়বিচার বা আইন-শৃঙ্খলা, সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছিল।

প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি ভালো ছিল। তবে, গত ১৫ বছরে বাংলায় সব পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। তিনি আরো বলেন , গত ১৫ বছরে পশ্চিমবঙ্গের পাশাপাশি এই পশ্চিম বর্ধমান জেলায় কোন নতুন শিল্প হয়নি। বাম শাসনকালে পানগড়ে যে নতুন শিল্প হয়েছিল, তার পর তৃণমূল সরকারের আমলে আর কোনো নতুন কারখানা খোলেনি। তৃণমূল নেতাদের মনোভাব শিল্পপতিদের এখানে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করেছে।

সিপিআইয়ের প্রার্থী বলেন, আমাদের মনে আছে, তৃণমূলের আন্দোলনের কারণে কিভাবে সিঙ্গুরে একটি উল্লেখযোগ্য বিনিয়োগ নষ্ট হয়েছিল। যে কারণে পশ্চিমবঙ্গ শিল্পায়নে পিছিয়ে পড়েছে। তিনি বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন , যেখানেই বামেরা ক্ষমতায় নেই, সেখানেই শ্রমিকদের ওপর অত্যাচার করা হয়। কঠোর পরিশ্রমের জন্য যথাযথ মজুরি না পাওয়ায় আজ নয়ডার শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। তাঁদের আট ঘণ্টারও বেশি কাজ করতে হচ্ছে।

অথচ ন্যুনতম পারিশ্রমিকটুকুও দেওয়া হচ্ছে না। তিনি বলেন, যেখানে বামেরা ক্ষমতায় নেই, সেখানেই শ্রমিক শ্রেণীর স্বার্থ উপেক্ষা করা হয়। এর পাশাপাশি, তিনি বেকারত্বের ইস্যুতে রাজ্য সরকারকেও কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন , আজ পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই। যে কারণে এখানকার যুবকেরা তাদের বৃদ্ধ বাবা-মাকে এখানে একা রেখে অর্থ উপার্জনের জন্য বাইরে যেতে বাধ্য হচ্ছেন। বাবা-মায়ের মধ্যে কেউ মারা গেলে, তিনি সময় মতো ফিরে বাড়ি ফিরে আসতে পারেন না। এই সবই রাজ্য সরকারের নীতির কারণে ঘটছে । তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে কোনো কর্মসংস্থান হয়নি বলে দাবি সিপিআই প্রার্থীর।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *