আসানসোলের মেয়র ও কাউন্সিলররা,ডিএম ও সিপির দ্বারস্থ, পুলিশে অভিযোগ দায়ের, পুরনিগমে ছবি বদল ঘিরে বিতর্ক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমে চেম্বার থেকে মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। অভিযোগ, মঙ্গলবার বিজেপি নেতাও কর্মীরা পুরনিগমে ঢুকে মেয়রের চেম্বারে টাঙানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে সেখানে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে দেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির কাঁচ ও আসানসোল পুরনিগমের লোগো ভেঙে যায় বলে অভিযোগ। এই ঘটনায় পুরনিগম চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।














আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের দাবি, শুধু ছবি সরানো নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি পুরনিগমের লোগোও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বুধবার জানিয়েছেন মেয়র।এই ঘটনার প্রতিবাদে বুধবার আসানসোলে জেলাশাসক কার্যালয়ে এসে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম র সঙ্গে দেখা করেন আসানসোল পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান ও সমস্ত কাউন্সিলররা।
তারা জেলাশাসকের কাছে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জেলা শাসক বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান মেয়র।এর পাশাপাশি এদিন মেয়র সহ অন্যান্যরা আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার বা সিপি ডাঃ প্রণব কুমারের সঙ্গে দেখা করেন ও তাকে বিস্তারিত জানান।অন্যদিকে, মঙ্গলবারের ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি। তিনি বলেন, এই ঘটনা আসানসোলের লজ্জা। বিধানসভা ভোটে বিজেপি জিতেছে। পুরসভা নির্বাচন তো এখনো হয়নি। তাহলে, জোর করে দখল করার পেছনে কি কোন উদ্দেশ্য আছে?

