ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে উচ্ছেদ অভিযান ঘিরে আবারও উত্তেজনা, বিনা নোটিশ দোকান ভাঙ্গার অভিযোগ

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বার্নপুরে উচ্ছেদ অভিযান ঘিরে ফের উত্তেজনা ছড়ালো। ক্লাব ভাঙতে এসে এবার বিনা নোটিশে একটি দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠল সেল আইএসপি বা ইস্কো কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।জানা গেছে, সোমবার বার্নপুরের আপার রোড এলাকায় অবস্থিত ‘নতুন দিগন্ত’ নামক একটি ক্লাব উচ্ছেদ করতে যায় সেল কর্তৃপক্ষ। সেই সময় ক্লাব সদস্যদের সঙ্গে কর্তৃপক্ষের বচসা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় শেষ পর্যন্ত ক্লাবটি না ভেঙেই ফিরে যেতে হয় সেল আধিকারিকদের।কিন্তু, মঙ্গলবার সকালে পুনরায় উচ্ছেদ অভিযানে আসে সেল আইএসপি কর্তৃপক্ষ।

অভিযোগ, ক্লাব ভাঙার উদ্দেশ্যে এলেও পাশেই থাকা একটি দোকান ভেঙে ফেলা হয়। দোকান মালিকের দাবি, তাকে কোনও লিখিত নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে দোকান ভেঙে দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি তার।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সেল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন, যথাযথ নোটিশ ছাড়া কিভাবে উচ্ছেদ অভিযান চালানো হলো।

অন্যদিকে, সেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে স্থানীয়দের আশঙ্কা, আগামী দিনে এলাকায় আরও উচ্ছেদ অভিযান চলতে পারে। ফলে ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।প্রসঙ্গতঃ, ইতিমধ্যেই সিপিএম বার্নপুরে এই উচ্ছেদের বিরোধিতা করে রাস্তায় নেমেছে। তারা হকার ও দোকানদের পুনর্বাসনের দাবি করা হয়েছে সিপিএমের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *