ASANSOLDURGAPUR

দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, আদালতে পেশ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তোলাবাজি, সন্ত্রাস এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে দুর্গাপুরে নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান ও কাউন্সিলর রমাপ্রসাদ হালদারকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। বুধবার বুদবুদ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করা, এলাকাবাসীকে ভয় দেখানো, বিরোধী রাজনৈতিক কর্মীদের মারধর এবং তোলাবাজির একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। অভিযোগ রয়েছে, নির্বাচনের পরেও একই ধরনের কার্যকলাপ অব্যাহত ছিল।

পুলিশের দাবি, বুধবার বর্ধমান দিক থেকে বুদবুদের দিকে আসার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর রমাপ্রসাদ হালদারকে আটক করে গ্রেফতার করা হয়। রমাপ্রসাদ হালদার দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বোরো কমিটির বিদায়ী চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ছিলেন। এলাকায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।গ্রেফতারে পরে তাঁকে এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, সব অভিযোগের তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে।

এদিকে, আদালত চত্বরে বিজেপির কর্মী-সমর্থকেরা ধৃতর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তার উদ্দেশ্যে ” চোর চোর ” স্লোগান দেওয়ার পাশাপাশি জুতো চটি দেখানো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতায় থাকার সময়ে এই তৃণমূল কংগ্রেসের নেতা যা খুশি তাই করেছে। এদিন ধৃতকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছিলো কেন্দ্রীয় বাহিনী।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *