Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার পান্ডবেশ্বরের তৃণমূল নেতা, থানার বাইরে ডিম ছুঁড়ে বিক্ষোভ

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়:* ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি এবং সন্ত্রাসের অভিযোগে পাণ্ডবেশ্বর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা আলাউদ্দিন শেখ। তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত।পুলিশ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে পাণ্ডবেশ্বরের মহাল এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন শেখকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, বিরোধী সমর্থকদের উপর হামলা, এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি এবং তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে দাবি পুলিশের।শনিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার জন্য পাণ্ডবেশ্বর থানা থেকে বার করে আনা হলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

থানার বাইরে আগে থেকেই উপস্থিত বিক্ষুব্ধ জনতা আলাউদ্দিনকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে শুরু করে। পাশাপাশি ‘চোর চোর’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়।নিজের গ্রেফতারী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে আলাউদ্দিন শেখ কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি একেবারে স্বাভাবিক ছিলেন। তাকে লক্ষ্য করে যখন ডিম ছোঁড়া হচ্ছিলো, তখন তিনি পালানোর চেষ্টা করেননি। দাঁড়িয়ে থেকে হাসছিলেন।

পরে তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জেলায় শাসকদলের প্রাক্তন ও বর্তমান নেতাদের বিরুদ্ধে উঠা অভিযোগের ভিত্তিতে একের পর এক গ্রেফতারির ঘটনা সামনে আসছে। আলাউদ্দিন শেখের গ্রেফতারিও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের এই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *